খোয়াইয়ে ক্যুইজ এবং রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়স্থিত বিআরসি হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলাভিত্তিক ক্যুইজ ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রিয়তোষ ঘোষ, প্রণব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে অতিরিক্ত জেলাশাসক শ্রী চক্রবর্তী দেশের গণতান্ত্রিক চেতনা ও সংবিধানের অধিকারের বিষয়ে ছাত্রছাত্রী ও যুবাদের আরও সচেতন হতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলাশাসক কার্যালয়ের ডিসি তন্ময় দেবনাথ। অনুষ্ঠিত প্রতিযোগিতায় খোয়াই জেলার অন্তর্গত বিভিন্ন নির্বাচনী এলাকার আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন। এর মধ্যে ক্যুইজ প্রতিযোগিতায় ১০ জন প্রতিযোগী এবং রচনা লিখন প্রতিযোগিতায় ১০ জন প্রতিযোগীর হাতে উপস্থিত অতিথিগণ শংসাপত্র ও পুরস্কার তুলে দেন।