অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: বিলোনিয়া হাসপাতালে হঠাৎ এসির একটি অংশে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আচমকা পোড়া তারের গন্ধ ছড়িয়ে পড়ায় হাসপাতালের কর্মী ও রোগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে হাসপাতাল কর্মীদের দ্রুত তৎপরতায় ফায়ার সেফটি সিলিন্ডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাসপাতাল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথমে হাসপাতালের সংশ্লিষ্ট কক্ষে পোড়া তারের গন্ধ অনুভূত হয়। এরপর নিচ থেকে এক ব্যক্তি এসির ভেতরে আগুনের শিখা দেখতে পেয়ে বিষয়টি জানান। মুহূর্তের মধ্যেই সংশ্লিষ্ট অফিসের মধ্যে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে হাসপাতালের কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক সিলিন্ডার নিয়ে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নিনির্বাপক বাহিনী। তবে তার আগেই হাসপাতাল কর্মীদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।
প্রাথমিকভাবে এসির বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট এসিটি সেদিন চালানো হয়নি বলে জানা গেছে। ফলে কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক সরঞ্জামের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথভাবে সচল রাখা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতা থেকেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
তাই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে হাসপাতালের বৈদ্যুতিক ব্যবস্থা ও অগ্নিনিরাপত্তা পরিকাঠামো পরীক্ষা করার দাবি উঠেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেটাই দেখার বিষয়।









