অনলাইন ডেস্ক, ২৪ নভেম্বর, ২০২৬: ১৫ কানি জমির ১৬টি প্লটে অভিযান, পুলিশ-টিএসআর ও বিএসএফের যৌথ তৎপরতা। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল পুলিশ প্রশাসন। মঙ্গলবার ভোরে পশ্চিম ত্রিপুরার মোহনপুর মহকুমার সিধাই থানাধীন দীঘালিয়া উত্তর দেবেন্দ্রনগর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৩৩ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। প্রায় ১৫ কানি জমির ১৬টি পৃথক প্লটে এই অবৈধ চাষ চলছিল বলে জানা গেছে।
গোপন সূত্রে খবর পেয়ে মোহনপুরের এসডিপিও আশীষ দাশগুপ্তের নেতৃত্বে মঙ্গলবার ভোরে অভিযানে নামে পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের যৌথ দল। পরিকল্পনা অনুযায়ী বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে বিভিন্ন কৃষিজমিতে তল্লাশি চালান। তল্লাশির সময় একাধিক প্লটে বিপুল পরিমাণ গাঁজা গাছের সন্ধান মেলে। পরে অভিযান চালিয়ে ১৬টি প্লটে থাকা আনুমানিক ৩৩ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। নেশাজাতীয় দ্রব্যের অবৈধ উৎপাদন ও কারবার বন্ধ করতে পুলিশ, টিএসআর এবং বিএসএফের মধ্যে সমন্বয় রেখে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে কৃষিকাজের আড়ালে গাঁজা চাষের প্রবণতা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে এসডিপিও আশীষ দাশগুপ্ত জানান, নেশাবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। অবৈধ গাঁজা চাষ এবং নেশাজাতীয় দ্রব্যের কারবারের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংসের মধ্য দিয়ে অবৈধ চাষের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান আরও একবার স্পষ্ট হয়েছে। তবে শুধু গাছ ধ্বংস করেই নয়, এই চাষের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। আগামী দিনে মোহনপুর মহকুমায় প্রশাসনের নজরদারি ও অভিযান কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।









