শিলিগুড়িতে নিকাশি নালা থেকে উদ্ধার যুবকের দেহ

শিলিগুড়ি, ২৫ নভেম্বর : শিলিগুড়িতে রহস্যমৃত্যু। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হায়দরপাড়া এলাকার একটি নিকাশি নালা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে হায়দরপাড়ার শিবরামপল্লি নেতাজি সরণি সংলগ্ন গৌড়ীয় মঠের কাছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে এলাকার বাসিন্দারা ওই নিকাশি নালার মধ্যে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে শুরু করে। এলাকার মানুষজন ভক্তিনগর থানায় খবর দেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
যুবকটি কীভাবে ওই নিকাশি নালায় পড়ে গেলেন, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে ভক্তিনগর থানার পুলিশ।