দিল্লি, ২৫ নভেম্বর : প্রো রেসলিং লিগ ( পিডব্লিউএল) মঙ্গলবার ষষ্ঠ মরসুমের সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে, যা এখন ৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত কেডি যাদব স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা কর্তৃপক্ষ আরও ঘোষণা করেছে যে, আসন্ন মরসুমের খেলোয়াড় নিলাম আগামী ৩০ নভেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত হবে।
ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং ( ইউডব্লিউডব্লিউ) ক্যালেন্ডারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে লিগের সময়সূচিতে এই সংশোধন করা হয়েছে , যা ভারত ও তার বাইরের সেরা কুস্তিগীরদের অংশগ্রহণ নিশ্চিত করবে।
পূর্ববর্তী নিলামে জাপানের প্রখ্যাত তারকা ইউই সুসাকি ৬০ লক্ষ টাকার বিজয়ী দর পেয়ে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কুস্তিগীর হিসেবে আবির্ভূত হন, যা তাকে প্রো রেসলিং লিগের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত করে।
আমান শেহরাওয়াত, অন্তিম পাঙ্ঘাল এবং সুজিত কালকাল— এই ত্রয়ী ছিলেন সবচেয়ে কাঙ্ক্ষিত ভারতীয় খেলোয়াড়, যাঁরা প্রত্যেকে ৫০ লক্ষ টাকারও বেশি আয় করেছিলেন।
ষষ্ঠ মরসুমে ছয়টি ফ্র্যাঞ্চাইজি—মুম্বই দঙ্গলস টাইগার্স, হরিয়ানা থান্ডারস, দিল্লি দঙ্গল ওয়ারিয়র্স, মহারাষ্ট্র কেশরী, পাঞ্জাব রয়্যালস এবং ইউপি ডমিনেটরস—এই কাঙ্ক্ষিত শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রতিযোগিতাটি নয়টি অলিম্পিক ওজন বিভাগে অনুষ্ঠিত হবে — পুরুষদের জন্য ৫৭ কেজি, ৬৫ কেজি, ৭৪ কেজি, ৮৬ কেজি ও ১২৫ কেজি এবং মহিলাদের জন্য ৫৩ কেজি, ৫৭ কেজি, ৬২ কেজি ও ৭৬ কেজি।









