নবকলেবরে মালিয়াড়া রাজ পরিবারের রাস উৎসব, প্রভাতফেরির মাধ্যমে সূচনা হলো নবপর্যায়ের একাদশতম বর্ষের

বাঁকুড়া, ২৫ নভেম্বর : একসময় মালিয়াড়া রাজবাড়ির রাস উৎসব ছিল গোটা উত্তর বাঁকুড়ার অন্যতম বড় আকর্ষণ। কিন্তু কালের নিয়মে রাজবাড়ির ক্ষয়িষ্ণু অবস্থায় সেই উৎসবে ভাটা পড়ে এবং প্রায় অর্ধশতাব্দী আগে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে এলাকাবাসীর আবেগ ও যুবকদের উদ্যোগে প্রায় এক দশক আগে মালিয়াড়া রাসমঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির হাত ধরে ফের শুরু হয়েছে সেই ঐতিহ্যবাহী উৎসব। মঙ্গলবার এক বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে নবপর্যায়ের ১১তম বর্ষের রাস উৎসবের সূচনা হলো। এদিনের সুসজ্জিত শোভাযাত্রার পুরোভাগে ছিলেন রাজবাড়ির বর্তমান বড় রাজা হিমাদ্রী নারায়ণ চন্দ্রাধূর্য্য। আগামী ৯ দিন ধরে নামসংকীর্তন, হোম-যজ্ঞ, পূজাপাঠ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে থাকবেন এলাকার মানুষ।
জানা গিয়েছে, রাস উৎসব বন্ধ হয়ে যাওয়ার পর রাসমন্দির, রাসমঞ্চ-সহ গোটা রাস প্রাঙ্গণটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এলাকার মানুষের কাছে এই দৃশ্য ছিল স্বজন হারানোর মতোই বেদনাদায়ক। রাসমঞ্চের এই ভগ্নদশা দেখে মালিয়াড়ার কয়েকজন যুবক মন্দিরগুলি সংস্কার করে পুনরায় রাস উৎসব ফিরিয়ে আনার উদ্যোগ নেন এবং রাজবাড়ির কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। মালিয়াড়া রাসমঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শ্যামাপদ দাশুন্দি জানান, তাঁদের আবেদন ও এলাকাবাসীর আবেগের কথা রাজপরিবারকে জানালে তাঁরা একটি সোসাইটি গঠনের পরামর্শ দেন। সেই অনুযায়ী ‘রাসমঞ্চ ওয়েলফেয়ার সোসাইটি’ গঠন করে ২০১৫ সালে মন্দির, রাসমঞ্চ-সহ গোটা প্রাঙ্গণ জুড়ে সংস্কারের কাজ চালানো হয় এবং ২০১৬ সাল থেকে পুনরায় রাজবাড়ির রাস উৎসব শুরু হয়।
সোসাইটির অন্যতম কর্মকর্তা দিব্যেন্দু মিশ্র বলেন, এই রাজবাড়ির ইতিহাস প্রায় ৪০০ বছরের প্রাচীন এবং রাস উৎসবের ইতিহাস প্রায় ২৫০ বছরের পুরনো। সেই রাজকীয় ঐতিহ্য ম্লান হয়ে রাসমঞ্চের গোটা এলাকা জঙ্গলাকীর্ণ হয়ে বিষধর সাপ ও কীটপতঙ্গের আস্তানায় পরিণত হয়েছিল। রাজপরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মন্দিরগুলি সংস্কার করা হয় এবং ঝাঁ-চকচকে মন্দির ও রাসমঞ্চের বিগ্রহগুলিও নবরূপে প্রতিষ্ঠা করা হয়।
গত ১১ বছর ধরে রাস উৎসব উপলক্ষে ৯ দিনব্যাপী মেলার আয়োজন করা হচ্ছে। এই উৎসবে যাত্রাপালা, পুতুলনাচ, দুস্থদের নতুন বস্ত্রদান এবং নাচ-গান-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্যামাপদ দাশুন্দি ও দিব্যেন্দু মিশ্র আরও জানান, রাসমঞ্চ ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে সারা বছর গণ-উপনয়ন, রক্তদান শিবির এবং প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা-সহ নানা সমাজকল্যাণমূলক কাজও পরিচালিত হচ্ছে।
রাজবাড়ির বড় রাজা হিমাদ্রী নারায়ণ চন্দ্রাধূর্য্য বলেন, একসময় মেলা না বসলেও মহাধুমধামের সঙ্গে রাস উৎসব পালিত হতো। মাঝে বেশ কিছুদিন বাড়িতে রাস উপলক্ষে ঘরোয়া উপাচার পালিত হলেও সার্বজনীন উৎসব বন্ধ হয়ে গিয়েছিল। এলাকার যুবকরা এগিয়ে এসে রাজবাড়ির সেই হৃত গৌরব ফিরিয়ে দিয়েছেন। সোসাইটির কর্মকর্তাদের প্রশংসা করে তিনি জানান, মর্যাদার সঙ্গে নবপর্যায়ে রাস উৎসব ফিরে আসায় রাজপরিবার অত্যন্ত আনন্দিত।