২০২৭-এ বিজেপিই জিতবে, ফের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হবেন যোগী আদিত্যনাথ: মনোজ তিওয়ারি

জৌনপুর, ২৫ নভেম্বর : উত্তর প্রদেশের জৌনপুরে দেব দীপাবলি উপলক্ষে মঙ্গলবার গভীর রাতে পৌঁছন দিল্লির বিজেপি সাংসদ তথা ভোজপুরি গায়ক ও অভিনেতা মনোজ তিওয়ারি। সেখানে শ্রী শীতলা চৌকিয়া ধামে মা শীতলার দর্শন ও পুজো করেন তিনি। পাশাপাশি, প্রদীপ প্রজ্বলন করে সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
এদিন মনোজ তিওয়ারি বলেন, গত কয়েক বছর ধরেই চৌকিয়া মাইয়ার দরবারে দেব দীপাবলি উদযাপন করা হচ্ছে। এখানকার পুকুরটি অত্যন্ত সুন্দর। তিনি জানান, জৌনপুরে আসার আগে কাশীতেও গিয়েছিলেন তিনি। সেখানে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেন। বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হওয়ায় সেখানে বেশ কিছুটা সময় লেগেছিল। মনোজ তিওয়ারি আরও বলেন, শীতলা চৌকিয়া মাইয়ার ভালোবাসা ও আশীর্বাদ সমগ্র বিশ্ববাসীর উপর বর্ষিত হয়। তিনি প্রতি বছরই মায়ের দরবারে আসেন এবং আগামী দিনেও আসা অব্যাহত রাখবেন।
২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়লাভ করবে এবং যোগী আদিত্যনাথ ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। অন্যদিকে, আজমগড়ের অত্রৌলিয়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে চলা রাজনৈতিক আলোচনা প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, পরিবারে ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে। আলোচনার মাধ্যমে সবকিছু ঠিক হয়ে যাবে।