গোহত্যা ও গরু পাচার রুখতে কড়া বার্তার আবহে ঘাটালে উদ্ধার ৮টি গরু, গ্রেফতার ৩

ঘাটাল, ২৫ নভেম্বর : গরু পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে আটটি গরু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়িচালক, গাড়ির মালিক-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের কালিচক এলাকায় গাড়িতে করে গরু পাচারের খবর আসে পুলিশের কাছে। খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি তিমির লেট।

পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িচালক, গাড়ির মালিক এবং আরও এক ব্যক্তিকে আটক করে। পরে তাঁদের গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই গাড়ি থেকে উদ্ধার করা হয় আটটি গরু।

উদ্ধার হওয়া গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনও বড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘাটাল থানার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফেও ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

গরু পাচার ও বেআইনি কার্যকলাপ রুখতে পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।