দুর্গাপুর, ২৮ নভেম্বর : শনিবার সকালে দুর্গাপুরের কোকআভেন থানা এলাকার গোপীনাথপুরের তাঁতিপাড়ায় এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। গলির ভিতরে দেহটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গলির ভিতরে একটি বাড়ির দরজার সামনে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। খবর পেয়ে পৌঁছয় কোকআভেন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত মহিলার পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তিনি কীভাবে সেখানে পৌঁছলেন এবং ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।









