অনলাইন ডেস্ক, ১১ জুন, ২০২৪ : রাজ্যের উন্নয়নে প্রাথমিক ক্ষেত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্র৷ রাজ্যের অর্থনৈতিক বিকাশে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির উন্নয়নে সরকার পরিকল্পনা নিয়ে কাজ করছে। কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে যুক্ত জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্যাঙ্কগুলিকে এগিয়ে আসতে হবে৷ আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে ১৪৭তম স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।
সভায় মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, ক্ষুদ্র, ছোট, মাঝারি এন্টারপ্রাইজের মতো ক্ষেত্রগুলিতে ঋণ দেওয়ার সুবিধা রয়েছে। এসব ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার কর্মসূচি আরও বেশি করে নিতে হবে৷ সভায় সর্বশেষ এলএসবিসি’র বৈঠকে বিভিন্ন বিষয়ে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কতটুকু অগ্রসর হয়েছে তার পর্যালোচনা করা হয়৷ আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে পিএম মুদ্রা যোজনা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া যোজনায় ঋণ প্রদানে ব্যাঙ্কগুলিকে আরও সচেষ্ট হতে হবে৷
ব্যাঙ্কগুলি তাদের বার্ষিক কর্মপরিকল্পনায় যে সমস্ত লক্ষ্যমাত্রা নিয়েছে তা একশ শতাংশ বাস্তবায়নের উপরও গুরুত্ব দিতে হবে। রাজ্যে আরও এটিএম স্থাপনে ব্যাঙ্কগুলিকে উদ্যোগ নিতে হবে৷ এক্ষেত্রে মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলির পাশে এটিএম স্থাপনে অগ্রাধিকার দিতে হবে। সিএম হেল্পলাইনের মাধ্যমে ব্যাঙ্কের সমস্যা সম্পর্কিত যে সমস্ত অভিযোগ আসে সেগুলিকে গুরুত্ব দিয়ে সমাধানের জন্যও সচেষ্ট থাকতে হবে ব্যাঙ্কগুলিকে। সভায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চিফ ম্যানেজার উত্তম কুমার মুখার্জি স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বিস্তারিত কর্মসূচি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, ২০২৩-২৪ অর্থবর্ষের অ্যানুয়েল ক্রেডিট প্ল্যানে ব্যাঙ্কগুলি প্রতিটি ক্ষেত্রে ১০০ শতাংশ ডিসবার্সমেন্টের লক্ষ্যমাত্রা নিয়েছে।
২০২৩-২৪ অর্থবর্ষের মার্চ মাস পর্যন্ত কৃষি, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সহ অন্যান্য প্রাইমারি সেক্টরগুলির জন্য ১১১২২.৬৫ কোটি টাকা ব্যাঙ্কগুলি ডিসবার্স করেছে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পে ৩০ জন এসসি, ২২ জন এসটি এবং ৮৮ জন মহিলা সুবিধাভোগীকে ঋণ দেওয়া হয়েছে। পিএনবি র চিফ ম্যানেজার আরও জানান, ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২১৩৫টি গৃহ ঋণের মঞ্জুরি দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে ৮৪১ জনকে ৪৪০৬.৪৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে৷
প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি প্রকল্পে এখন পর্যন্ত ৭২৮১টি ঋণের মঞ্জুরি দেওয়া হয়েছে। এছাড়াও 2023-24 অর্থবর্ষে বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে ৮১৩ জনের শিক্ষা ঋণ মঞ্জুর করা হয়েছে। সভায় এছাড়াও ব্যাঙ্কের নতুন শাখা খোলা, স্বসহায়ক দলগুলিকে ঋণ প্রদানে গুরুত্ব দেওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় মুখ্যসচিব জে কে সিনহা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার কৌশিক চট্টোপাধ্যায়, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিডর, এসএলবিসি’র আহ্বায়ক ঋতুরাজ কৃষ্ণা, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।









