অনলাইন ডেস্ক, ০৯ অগাস্ট, ২০২৪: পানিসাগর মহকুমায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আজ পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাধিপতিত্ব করেন পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, দামছড়া ব্লকের বিডিও অনুপম চাকমা, ডিসি দিবাকর জমাতিয়া, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার প্রতিনিধিগণ।
সভায় আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে৷ আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি পানিসাগর পঞ্চায়েত সমিতি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে৷
সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন সহ কুচকাওয়াজ প্রদর্শন ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে৷ এছাড়া এই উপলক্ষে সরকারি প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে সাফাই অভিযান, তিরঙ্গা র্যালি, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে৷
আগামী ১৪ ও ১৫ আগস্ট টাউনহলে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ সভায় মহকুমা শাসক সুশান্ত দেববর্মা স্বাধীনতা দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন৷









