অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট, ২০২৫: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ রাণীরবাজার গীতাঞ্জলি হলে বিভিন্ন পূজা কমিটির সদস্যদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। আলোচনায় পর্যটনমন্ত্রী জানান, সরকারি নিয়মনীতি অনুযায়ী পূজার আয়োজন করতে হবে।
সরকারি নির্দেশিকা অমান্য করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পূজার পূর্বে রাস্তাঘাট সংস্কারের জন্য পূর্ত দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়াও পূজা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর সরকারি আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণারাণী দাস, রাণীরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরু দাস, মহকুমা পুলিশ আধিকারিক কমল কৃষ্ণ কলই, সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী, পশ্চিম ত্রিপুরা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য পার্থ সারথী সাহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, বাজার কমিটির সদস্যগণ।









