পুরাতন আগরতলা ব্লকের বিভিন্ন কৃষি জমি পরিদর্শনে জিলা পরিষদের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক,০৪ সেপ্টেম্বর,২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিলা পরিষদের কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মলয় লোধ ও কমিটির অন্যান্য সদস্য-সদস্যাগণ আজ পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কৃষি জমিগুলি এবং জমিতে জল সেচের ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাদের সাথে ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা দাস, ভাইস চেয়ারম্যান মন্টি দেবনাথ, পঞ্চায়েত সমিতির কৃষি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অমৃত দেবনাথ এবং পুরাতন আগরতলা কৃষি মহকুমার এবং জল সম্পদ ও স্বাস্থ্য বিধান দপ্তরের পদস্থ আধিকারিকগণ।

প্রতিনিধিগণ প্রথমেই পরিদর্শন করেন ব্লকের পশ্চিম চাম্পামুড়া পঞ্চায়েতের বলদাখালস্থিত কৃষি জমি এবং ফ্লুইস গেইট। অতপর চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাওড়া নদীর পাড়। যে পাড়ের ভাঙ্গণের জন্য প্রতিবছরই পুরাতন আগরতলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। পরিদর্শন করা হয় মধ্য চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েত, বর্ধমান ঠাকুর পাড়া পঞ্চায়েত, পূর্ব নোয়াগাঁও পঞ্চায়েত এবং ধূপছড়া এডিসি ভিলেজের কৃষি জমি ও এলআই স্কিমগুলি।

পরিদর্শন শেষে জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল কৃষি আধিকারিক ও জলসম্পদ দপ্তরের আধিকারিকদের পুরানো এলআই প্রজেক্টগুলি সংস্কার করা, যেসব স্থানে এলআই এর প্রয়োজন সেসব স্থানে নতুন এলআই প্রজেক্ট বসানো এবং সেসব স্থানে এল আই প্রজেক্ট রয়েছে কিন্তু কোন কাজে আসছে না সেই এলআইগুলি সরিয়ে যেখানে জল সেচের প্রয়োজন সেখানে স্থানান্তর করার নির্দেশ দেন। এছাড়া শুখা মরশুমে জলের অভাবে কৃষকদের চাষাবাদের কাজে যাতে কোন ব্যাঘাত না ঘটে সেদিকে কৃষি আধিকারিকদের বিশেষভাবে নজর রাখতে বলেন।