খোয়াইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

অনলাইন ডেস্ক,১০ অক্টোবর, ২০২৫: আজ জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই নতুন টাউনহলে পালিত হয়েছে জেলাভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রদীপ জ্বেলে আনুষ্ঠানিকভাবে প্রবীণ দিবসের উদ্বোধন করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত)। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা, তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার, কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, এ.ডি.এম, অভেদানন্দ বৈদ্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা কমিটির চেয়ারম্যান নান্টু আচার্য প্রমুখ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি শ্রীমতি সিংহ রায় (দত্ত) বলেন, রাজ্যের উন্নয়নের পাশাপাশি সরকার প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রবীণ ব্যক্তিদের প্রতি যত্নশীল হওয়ার মধ্য দিয়ে সুন্দর ও সচেতন সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৃদ্ধ মা বাবা ও প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল না হলে সমাজ সঠিকভাবে চলবে না। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রূপক সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা আধিকারিক সুজিত দাস। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জ্যোৎস্না রাণী দেবকে জেলা শ্রেষ্ঠ ৯০ ঊর্ধ্ব প্রবীণ সম্মান, শান্তিরঞ্জন দত্তকে ৭০ ঊর্ধ্ব জেলা শ্রেষ্ঠ প্রবীণ কর্মজীবন সম্মান, বীরমোহন দেববর্মাকে ৬০ ঊর্ধ্ব জেলা শ্রেষ্ঠ প্রবীণ সাহসিকতা সম্মান ও মনোরঞ্জন গোপকে ৬০ উর্দু জেলা শ্রেষ্ঠ প্রবীণ সৃজনকলা সম্মান সম্মাননা প্রদান করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ এবং প্রত্যেকের হাতে ৫ হাজার টাকার চেক, স্মারক ও উপহার তুলে দেন।

এরপর দুর্গাপূজায় জেলার অন্তর্গত বিভিন্ন ক্লাবগুলিতে প্রবীণ নাগরিকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় গাইডলাইন অনুযায়ী সিনিয়র সিটিজেনদের সম্পর্কিত সচেতনতামূলক প্রচারের জন্য প্রথম পুরস্কার প্রোগ্রেসিভইয়ুথ ক্লাবকে ২০ হাজার টাকা, কিশোর সংঘকে ১৫ হাজার টাকা (দ্বিতীয় পুরস্কার) ও ফাইনাট ক্লাবকে ১০ হাজার টাকা তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অতিথিগণ ক্লাব প্রতিনিধিদের হাতে শংসাপত্র, চেক ইত্যাদি তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস।