অনলাইন ডেস্ক,১০ অক্টোবর, ২০২৫:ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বারবাডোজের রাজধানী ব্রিজটাউনে আজ চার দিনব্যাপী ৬৮-তম ইন্টারন্যাশনাল কমনওয়েলথ পার্লামেন্টরি অ্যাসোসিয়েশনের কনফারেন্স শেষ হয়েছে। এতে ভারতীয় প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অংশগ্রহণ করেন।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সম্মেলনে রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ত্রিপুরার সামাজিক অর্থনৈতিক উন্নয়নের নানা দিক, উত্তরপূর্ব ভারতের সংসদীয় অভিজ্ঞতা ও সাফল্যের দৃষ্টান্ত তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, ত্রিপুরা বিধানসভা সবসময়ই গণতন্ত্রের মূল আদর্শকে ধারণ করে জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
আন্তর্জাতিক পরিমন্ডলে এই ধরণের কনফারেন্স পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরী করে দেয়, যা ভবিষ্যতে আরও শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনে সহায্য করবে।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের ৫৬টি কমনওয়েলথ দেশের সংসদীয় প্রতিনিধি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পাশাপাশি আন্তর্জাতিক কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, মহাসচিব ও বিশিষ্ট সংসদ সদস্যগণ। রাজ্য বিধানসভার সচিবালয় থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।









