অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৫: ত্রিপুরাতে পূর্বে যে সরকার ছিল তখন শিল্পকে গুরুত্ব দেওয়া হয়নি। শিল্পকে ভিত্তি করে কিভাবে আত্মনির্ভর হওয়া যায় সেরকম কোন পরিকল্পনা ছিলনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিক সহায়তায় দেশের সাথে ত্রিপুরাকে কিভাবে আত্মনির্ভর করা যায় সে দিশাতে রাজ্য সরকার কাজ করছে। আজ সাব্রুমের পূর্ব জলেফায় দক্ষিণ ত্রিপুরা জেলা শিল্প কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা একথাগুলি বলেন। শিল্পমন্ত্রী বলেন, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে সকলকে আত্মত্মনির্ভর করে তোলা। বর্তমান গ্রামীণ অর্থনীতির বিকাশে বিভিন্ন মহিলা স্বসহায়ক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বর্তমানে মহিলা স্বসহায়ক দলের সংখ্যা অনেকগুণ বৃদ্ধি করা হয়েছে।
আমাদের স্বসহায়ক দলের সদস্যারা লাখপতি দিদি হতে পেরেছে, ব্যাংক থেকে সরল সুদে ঋণ নিয়ে আত্মনির্ভর হচ্ছে। এরাজ্যে এখন পর্যন্ত ১ লক্ষ ৮ হাজারেরও বেশি দিদি লাখপতি হয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, প্রাক্তন বিধায়ক শংকর রায়। স্বাগত বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা সব্যসাচী দেববর্মা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনিবালা দত্ত বৈদ্য, ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা দে পোদ্দার, সাব্রুম মহকুমার মহকুমা শাসক অভিজিত সিং যাদব প্রমুখ।
উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরা জেলা শিল্প দপ্তরের অফিসটি নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৫৭ লক্ষ টাকা। এছাড়া শিল্পমন্ত্রী সান্তনা চাকমা আজ সাব্রুম নগর পঞ্চায়েতের সভাকক্ষে দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা সভাতে অংশ গ্রহণ করেন এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন যেন রাজ্যের বেকার যুবক যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আরও স্বাবলম্বী করা যায়।









