৪দিনব্যাপী ভগবান বিরসা মুন্ডা আন্তঃ জনজাতি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা শুরু

০৯ জানুয়ারী, ২০২৬: আজ থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৪দিনব্যাপী ভগবান বিরসা মুন্ডা আন্তঃ জনজাতি হোস্টেল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রাজ্যের ৮ জেলা থেকে ছাত্র ও ছাত্রীদের মোট ১৬টি দল অংশ নিয়েছে। এরমধ্যে বালক বিভাগে রয়েছে ৮টি দল ও বালিকা বিভাগে রয়েছে ৮টি দল। এর আগে মহকুমা ও জেলাস্তরে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ পতাকা উত্তোলন করে ও শান্তির পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে. শশীকুমার। এরপর অতিথিগণ ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উদ্বোধনী ম্যাচে পশ্চিম জেলা বনাম সিপাহীজলা জেলা দল পরস্পরের মুখোমুখি হয়। এই প্রতিযোগিতার উদ্বোধন করে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে. শশীকুমার বলেন, এই প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা খেলোয়াড়দের মনে দেশপ্রেম ও একতা গড়ে তুলবে। তিনি বলেন, এর আগে মহকুমা ও জেলাস্তরে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

আজ থেকে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা শুরু হলো। খেলাধুলা ব্যক্তিত্ব গড়ে তোলে। তিনি বলেন, খেলাধুলায় অংশ নেওয়া শুধু বিজয়ী হওয়া নয়, খেলাধুলা আত্মবিশ্বাস গড়ে তোলে। শৃঙ্খলাপরায়ণ হতে শেখায়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে খেলোয়াড়গণ মার্চপাস্টে অংশ নেয় ও শপথ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে বালিকা বিভাগে পশ্চিম জেলা দল ৪-০ গোলে সিপাহীজলা দলকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন রেফারি উৎপল চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা কেশব কর, যুগ্ম অধিকর্তা অভিজিৎ রিয়াং, যুগ্ম অধিকর্তা সুমিত্রা দেবনাথ সহ দর্শকগণ উপস্থিত ছিলেন।