এআই-ইমপ্যাক্ট সামিট ২০২৬ প্রজ্ঞাভবনে কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারী ২০২৬: আগামী ১৯-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মন্ডপমে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া এআই-ইমপ্যাক্ট সামিট ২০২৬ এর প্রস্তুতি হিসেবে আজ প্রজ্ঞাভবনে আঞ্চলিক স্তরের এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যসচিব জে কে সিনহা। কর্মশালায় তিনি বলেন, আসন্ন সামিটের বিষয়ে সকলকে সাম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী যুবাদের রাজ্য তথা দেশের সম্পদ বলে উল্লেখ করে বলেন, আগামী দিনে যুবসমাজ উন্নত প্রযুক্তির দিক দিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে আমাদের দৈনন্দিন জীবন প্রযুক্তি নির্ভর।

এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে আরও সমৃদ্ধ হবেন বলে মুখ্যসচিব আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া এআই ইমপেক্ট সামিট ২০২৬ এ প্রস্তুতি হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা কেবল একটি উন্নত প্রযুক্তি নয়, বরং এটি প্রশাসনিক গতি এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার একটি শক্তিশালী মাধ্যম। কর্মশালায় সাধারণ মানুষের কল্যাণে কিভাবে নিরাপদ ও নির্ভরযোগ্য এআই ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করা হবে।

রাজ্যের যুব সমাজ ও শিক্ষার্থীদের এই প্রযুক্তি বিপ্লবে সামিল হতে এবং ডিজিট্যাল ইন্ডিয়া অভিযানের অংশ হওয়ার আহ্বান জানান। এধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি তথ্য ও প্রযুক্তি দপ্তরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা সুপ্রকাশ জমাতিয়া। অনুষ্ঠানে এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তার উপর দুটি তথ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে দু মিনিট নিরবতা পালন করা হয়।

Recent Posts