রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে কাজ হচ্ছে: সমবায়মন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৯ মার্চ, ২০২৬: সাবুম মহকুমার কলাছড়াস্থিত কালাপানিয়া ন্যাচার পার্কে আজ থেকে শুরু হয়েছে কালাপানিয়া উৎসব। দু’দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্য সরকার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোকে আরও আকর্ষনীয় করে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। ফলে দেশ-বিদেশের বহু পর্যটক এখন রাজ্যে আসছেন।

বিশেষ করে কালাপানিয়া ন্যাচার পার্কের মতো রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটনস্থলগুলোতে পর্যটকদের আগমন বাড়ছে। এরফলে আয়ও বৃদ্ধি পেয়েছে। কালাপানিয়া উৎসবের মাধ্যমে রাজ্যের জাতি-জনজাতির মিশ্র সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। ফলে সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও মজবুত হচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক মাইলাফু মগ, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, সাঁতচাদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, সাব্রুম মহকুমার মহকুমা শাসক সুমন রক্ষিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাছড়া পঞ্চায়েতের প্রধান বন্দনা দাস, বরিষ্ঠ তথ্য আধিকারিক অমৃত দাস, বিশিষ্ট সমাজসেবী হরিনাথ ত্রিপুরা, বিপুল ভৌমিক প্রমুখ। এই উৎসব উপলক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ১০টি প্রদর্শনী স্টল খোলা হয়। এছাড়াও দুদিনব্যাপী উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।