অনলাইন ডেস্ক, ২৩ মার্চ, ২০২৬: খুব শীঘ্রই আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দর এবং আগরতলা রেলস্টেশনে অনলাইন ক্যাব বুকিং পরিষেবা চালু করা হবে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার লক্ষ্যে পরিবহণ সচিব, রাজ্য পুলিশের আইজি (আইন শৃঙ্খলা), ট্রাফিক এসপি সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়ের উত্থাপিত একটি বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।
বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়ের আনা বেসরকারি প্রস্তাবটি ছিল ‘এই বিধানসভা প্রস্তাব করছে যে, দেশের প্রতিটি বিমানবন্দরের ন্যায় স্মার্ট সিটি খ্যাত রাজধানী আগরতলা তথা রাজ্যের একমাত্র বিমানবন্দর মহারাজা বীরবিক্রম বিমানবন্দর এবং আগরতলা রেলস্টেশনে আসা-যাওয়ার ক্ষেত্রে সুষ্ঠু যাত্রী পরিষেবার লক্ষ্যে অনলাইন ক্যাব বুকিং পরিষেবা চালু করার জন্য রাজ্য সরকার শীঘ্রই উদ্যোগ গ্রহণ করুক।
‘বেসকারি প্রস্তাবটি উত্থাপন করে এ বিষয়ে আলোচনা করেন সরকার পক্ষের মুখ্য সচেতক তথা বিধায়ক কল্যাণী সাহা রায়। আলোচনায় অংশ নেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।









