অনলাইন ডেস্ক, ০২ মে, ২০২৬: পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের কনফারেন্স হলে সম্প্রতি নীট ন্যাশন্যাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স (ইউজি) পরীক্ষার প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা ৩মে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগরতলায় মোট ৯টি পরীক্ষা কেন্দ্র যথা শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, হিন্দী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মহারাণী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন, পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি, মহারাজা বীর বিক্রম কলেজ, বীর বিক্রম মেমোরিয়্যাল কলেজ, ত্রিপুরা (কেন্দ্রীয়) বিশ্ববিদ্যালয় ও এনআইটি তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ত্রিপুরার মোট ৪৪৯১ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা সেন্টারে সকল পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর ১.৩০ মধ্যে প্রবেশ করতে হবে। সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৯টি পরীক্ষা কেন্দ্রের জন্য ৩ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ৯টি পরীক্ষাকেন্দ্রের জন্য ৯ জন নোডাল পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিক, ডিসিএম সুস্মিতা চক্রবর্তী, ডিসিএম রঞ্জিত কুমার দাস, ৯টি পরীক্ষা কেন্দ্রের সেন্টার সুপারিনটেনডেন্টগণ, সিটি কো-অর্ডিনেটর ধর্মেন্দ্র মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।









