আগামী ৯ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জাতীয় লোক আদালত

অনলাইন ডেস্ক, ০৮ মে, ২০২৬: আগামী ৯ মে, ২০২৬ শনিবার রাজ্যে বসছে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট ৪৬টি বেঞ্চে ২৫,৫১৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে আদালতে জমে থাকা ২০,৭৭৯টি মামলা এবং মামলা পূর্ব বিরোধ সংক্রান্ত ৪,৭৩৫টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত ৩৪৭টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত ১৯৭টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৪৮৫টি মামলা, বিএসএনএলের বিল পরিশোধ সংক্রান্ত ২৫০টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের (এমবি অ্যাক্ট, টিপি অ্যাক্ট, টিজি অ্যাক্ট, এক্সাইস অ্যাক্ট ইত্যাদি) ২০,১৮৪টি মামলা, চেক বাউন্স (এনআই অ্যাক্ট) সংক্রান্ত ২৭টি মামলা, দেওয়ানি মামলা ৫টি, আরবিট্রেশন সংক্রান্ত ৫টি বিষয়, কমার্শিয়াল স্যুট ৩টি এবং চাকরি সংক্রান্ত বিষয় ১১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চে ২৮টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। রাজ্যে আইনসেবা কর্তৃপক্ষের এগজিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ড. টি অমরনাথ গৌড় জাতীয় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব ভিপি দেববর্মা আবেদন জানিয়েছেন।