অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৬: ধলাই জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে এক জেলাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ধলাই জেলার মনু ব্লকের অন্তর্গত নেপালটিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এদিনের এই স্বাস্থ্য কর্মসূচিটি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। এদিনের বিশেষ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি রতীশ ত্রিপুরা, এমডিসি হলিউড চাকমা, ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ এপোলো কলই।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ এপোলো কলই ও ডাঃ প্রীতম দেববর্মা ভাইরাল হেপাটাইটিস সংক্রমণ প্রতিরোধ, সময়মতো টিকাকরণ এবং প্রাথমিক পরীক্ষার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ব হেপাটাইটিস দিবস উদ্যাপনের পাশাপাশি নেপালটিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশেষজ্ঞ স্বাস্থ্য শিবির ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে এলাকার সাধারণ মানুষকে চিকিৎসকদের পরামর্শ প্রদান ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগের বিনামূল্যে স্ক্রিনিং ও পরীক্ষা করা হয়।
যার মধ্যে রয়েছে হেপাটাইটিস স্ক্রিনিং, অসংক্রামক ব্যাধি স্ক্রিনিং (উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি), ম্যালেরিয়া পরীক্ষা, এইচআইভি/এইডস স্ক্রিনিং, যক্ষ্মা স্ক্রিনিং। পাশাপাশি, জরুরি প্রয়োজনে রক্তের সংকট মেটাতে এবং রক্তের প্রয়োজনীয়তা পূরণে শিবিরের অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমগ্র শিবিরে মোট ১০৯ জন নাগরিক বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুবিধা গ্রহণ করে প্রত্যক্ষভাবে লাভবান হয়েছেন। ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।








