অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনার আজ খোয়াই জেলার অধীন পদ্মবিল ও তুলাশিখর ব্লক এলাকা পরিদর্শন করেন এবং পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক এবং বিভিন্ন এলাকা পরিদর্শনের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন। রাজ্য নির্বাচন কমিশনার পদ্মবিল এবং তুলাশিখর ব্লকের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র, স্ট্রং রুম, গণনা কেন্দ্র, যেখান থেকে ভোট সামগ্রী বন্টন এবং ব্যালট বাক্স জমা নেওয়া হবে সেই সমস্ত জায়গা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের পর নির্বাচন পর্ব সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা, অতিরিক্ত জেলাশাসক, খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক, পদ্মবিল ও তুলাশিখর ব্লকের রিটার্নিং অফিসারগণ, অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারগণ, উভয় ব্লকের সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলির মধ্যে রয়েছে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুম ও কাউন্টিং হলে ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা রাখা, সিসিটিভির নজরদারি, ডিসপারসাল ও রিসিভিং পয়েন্টের মধ্যে সামগ্রী ও কর্মীদের নিরাপদ ও শৃঙ্খলা নিশ্চিত করা সহ নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বলা হয়, ডিসপারসাল ও রিসিভিং সেন্টার থেকে ভোটগ্রহণের সামগ্রী, ব্যালট বাক্স এবং ভোটকর্মীদের নির্বিঘ্নে পাঠানো ও তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।
এছাড়াও বৈঠকে বলা হয়েছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসন ও সেক্টর অফিসারদের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। সংবেদনশীল ভোটকেন্দ্রগুলিতে বিশেষ নজরদারি এবং নির্বাচনী অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈঠকে উভয় ব্লকের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা (অ্যাশিউরড মিনিমাম ফ্যাসিলিটি) সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সমস্ত ভোটকেন্দ্রেই পানীয়জল, র্যাম্প, বিদ্যুৎ, পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন এখন পর্যন্ত প্রাথমিক স্তরে যে সমস্ত প্রস্তুতি নিয়েছে সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার সন্তোষ ব্যক্ত করেন এবং অবাধ ও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশনের গাইডলাইন যথাযথভাবে মেনে চলার জন্য সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।







