মাশুরাই পাড়া টি এস আর ক্যাম্পে বিশেষ আয়ুর্বেদ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৩ সেপ্টেম্বর, ২০২৬: দূরবর্তী অঞ্চলের বাসিন্দা ও আরক্ষা কর্মীদের দোরগোড়ায় গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর ধলাই জেলার আসবাসা হেলথ সেন্টার এর অধীন মাশুরাই পাড়া টি এস আর ক্যাম্পে আয়ুর্বেদ দিবস উপলক্ষে বিশেষ আয়ুর্বেদ স্বাস্থ্য শিবির ও সচেতনতা কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।

এই জনকল্যাণমূলক শিবিরে স্থানীয় গ্রামবাসী এবং টি এস আর জওয়ান সহ মোট ৬২ জন ব্যক্তি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা লাভ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নে আয়ুর্বেদের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেওয়া হয়। এলাকার ভৌগোলিক অবস্থান ও মরশুমি স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে উপস্থিত সকলের ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। রক্তচাপ এবং রক্তের শর্করা পরিমাপসহ বিভিন্ন অসংক্রামক বা জীবনযাত্রা জনিত রোগের স্ক্রিনিং করা হয়।

চিকিৎসা পরিষেবার পাশাপাশি একটি বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়। সেখানে ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দৈনন্দিন জীবনে আয়ুর্বেদ জীবনশৈলী অনুসরণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় জনসাধারণ ও ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান। ধলাই জেলার মুখ্য চিকিৎসা আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Recent Posts