আগরতলা পুর নিগম নির্বাচন: ৩৫ নম্বর ওয়ার্ডে সিপিআই(এম) প্রার্থীর জোরদার প্রচার

৩ নভেম্বর, ২০২৬: আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা পুর নিগম নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ৩৫ নম্বর ওয়ার্ডে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী নিলোত্তম মজুমদারের সমর্থনে জোরকদমে শুরু হয়েছে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার ও গণসংযোগ কর্মসূচি।

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন নিলোত্তম মজুমদার। প্রচার চলাকালীন ইতিমধ্যেই শতাধিক বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ইতিবাচক সাড়া, উৎসাহ ও সমর্থন পাওয়া যাচ্ছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

গণসংযোগ কর্মসূচিতে বিগত পাঁচ বছরে এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক পরিষেবার ঘাটতি এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করছেন প্রার্থী। মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি আগামী দিনে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করছেন তিনি।

নির্বাচনী প্রচারে নিলোত্তম মজুমদার ও দলীয় কর্মী-সমর্থকরা ৩৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী ২৭ নভেম্বর কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকে ভোট দিয়ে বামফ্রন্ট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য ভোটারদের কাছে আবেদন জানানো হয়েছে।