৩ নভেম্বর, ২০২৬: আসন্ন বিশালগড় পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই নির্বাচনী প্রস্তুতিতে জোরকদমে মাঠে নেমেছে।
এরই মধ্যে মঙ্গলবার সকালে বিশালগড় পৌর পরিষদের ১৫টি ওয়ার্ডের মধ্যে প্রথম পর্যায়ে ৭টি ওয়ার্ডে কংগ্রেস দলের প্রার্থীরা মহকুমা শাসক বিঞ্চি সাহার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে নিরাপত্তার স্বার্থে পুলিশ মোতায়েন করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাকি ওয়ার্ডগুলিতেও খুব শীঘ্রই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন, অতীতে বিভিন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের যে প্রবণতা দেখা গিয়েছে, বিশালগড়ে তার পুনরাবৃত্তি হবে না। দলের প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে লড়াই চালিয়ে যাবেন এবং নিজেদের প্রার্থীপদ বজায় রাখবেন বলে তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পাশাপাশি নির্বাচনে জোটের সম্ভাবনা প্রসঙ্গে কংগ্রেস প্রতিনিধিরা জানান, বিশালগড় পৌর পরিষদ নির্বাচনে অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাদের জোট হচ্ছে না।
এককভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। নির্বাচনে জয়লাভের ব্যাপারেও আশাবাদী দলীয় নেতৃত্ব।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর বিশালগড় পৌর পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।









