কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর

আগরতলা,৪ নভেম্বর, ২০২৬: ত্রিপুরায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি এবং কার্যকারিতা পর্যালোচনা করতে সরকারি সফরে আজ আগরতলায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর।

আগরতলা বিমানবন্দরে পৌঁছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় দেশজুড়ে জনসংযোগ ও পরিদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ‘খেত বাঁচাও অভিযান’-এর মতো কর্মসূচির অধীনে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা বিভিন্ন রাজ্য এবং নির্দিষ্ট জেলায় সফর করছেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবে কীভাবে কার্যকর হচ্ছে, তার বিস্তারিত পর্যালোচনা করা। পাশাপাশি প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার, আর্থিক ব্যয়ের হিসাব এবং সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পে অর্থের সঠিক ব্যবহার এবং প্রকল্পগুলির কার্যকারিতা সরাসরি পরিদর্শনের মাধ্যমে যাচাই করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর এই ত্রিপুরা সফরের অন্যতম উদ্দেশ্য হলো, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল যাতে সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে যথাযথভাবে পৌঁছায় এবং এই প্রকল্পগুলির মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হয়, তা নিশ্চিত করা।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আগামীকাল তিনি ‘পূর্বোত্তর সম্পর্ক সেতু’ কর্মসূচির অধীনে গোমতী জেলা প্রশাসনের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করবেন। তাছাড়া গোমতী জেলায় কৃষিজমিতে আয়োজিত ‘খেত বাঁচাও অভিযান’ কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করবেন।