কলকাতা, ১৭ নভেম্বর : ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে ‘জনজাতীয় গৌরব দিবস’ পালন করল পূর্ব রেল। কলকাতার ফেয়ারলি প্লেসে অবস্থিত পূর্ব রেলের সদর দপ্তরের ‘উদিসা’ অডিটোরিয়ামে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের চিফ পার্সোনেল অফিসার (অ্যাডমিন) মনীশ সিং সহ রেলের অন্যান্য পদস্থ আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে ভগবান বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
এদিনের অনুষ্ঠানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আদিবাসীদের অধিকার, জমি ও স্বকীয় সংস্কৃতি রক্ষার ঐতিহাসিক সংগ্রামে বিরসা মুণ্ডার অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়।
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাঝি জানান, ভগবান বিরসা মুণ্ডার নিঃস্বার্থ আত্মত্যাগ এবং অদম্য মনোবল আজও দেশসেবায় সকলকে অনুপ্রাণিত করে। কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের ক্ষেত্রেও তাঁর আদর্শ চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবে।









