প্রবেশ ভর্মার বিরুদ্ধে এএপি-র বিক্ষোভ, সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললেন সঞ্জীব ঝা

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : দিল্লির মন্ত্রী প্রবেশ ভর্মার বিরুদ্ধে মঙ্গলবার রাজধানীতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করলেন আম আদমি পার্টি-র কর্মী-সমর্থকরা। সরকারের দু’বছরের শাসনকালে শহরের দূষণ, যমুনা নদীর পরিচ্ছন্নতা, বেহাল রাস্তাঘাট এবং পানীয় জলের সংকটের মতো মৌলিক সমস্যাগুলির সমাধান না হওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আম আদমি পার্টির নেতা সঞ্জীব ঝা সরাসরি দিল্লির মন্ত্রী প্রবেশ ভার্মা এবং বর্তমান সরকারকে নিশানা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি প্রবেশ ভর্মাকে জিজ্ঞাসা করতে চাই— এর ফলে কি দিল্লির দূষণ শেষ হবে? এর কারণে কি যমুনা নদী পরিষ্কার হয়ে যাবে? দিল্লির খুঁড়ে রাখা রাস্তাগুলি কি মেরামত হবে? আপনারা যে পেনশন কেলেঙ্কারি ঘটিয়েছেন, তা কি ঠিক হবে? এর ফলে কি সেই সমস্ত মানুষের বাড়িতে জল পৌঁছাবে, যাঁরা বর্তমানে জল পাচ্ছেন না?”
বর্তমান সরকারের দু’বছরের কাজের খতিয়ান নিয়ে প্রশ্ন তুলে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম টেনে সরকারকে আক্রমণ করে সঞ্জীব ঝা আরও বলেন, “আপনাদের সরকার ক্ষমতায় আসার দু’বছর হয়ে গিয়েছে। আর কতদিন আপনারা অরবিন্দ কেজরিওয়ালের আড়ালে লুকিয়ে থাকবেন? এই দু’বছরে আপনারা দিল্লিকে লুট করেছেন। আপনারা দিল্লির মানুষের জীবনকে জীবন্ত নরকে পরিণত করেছেন।”
প্রবেশ ভর্মার সাম্প্রতিক কর্মসূচি ও ‘শিশমহল’ সংক্রান্ত বিতর্কের পাল্টা জবাবে আপ নেতা বলেন, “আপনারা কী উন্মোচন করছেন বা দেখাচ্ছেন, তাতে দিল্লির মানুষের কোনো আগ্রহ নেই; আর যদি কিছু দেখাতেই হয়, তবে প্রধানমন্ত্রীর বাসভবনটিও কেন দেখাচ্ছেন না? তাতে মানুষ বাস্তব সত্যটা বুঝতে পারবে। দিল্লির মানুষ জানতে চান— আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলির বিষয়ে কী কাজ করেছেন?”
উল্লেখ্য, রাজধানী দিল্লিতে পরিকাঠামোগত উন্নয়ন ও জনপরিষেবা সংক্রান্ত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতোর ক্রমশ তীব্র হচ্ছে।
Recent Posts