নয়াদিল্লি ও লখনউ, ১৯ নভেম্বর : ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। এবার দল ‘মিশন ৪০৩’-এর অধীনে অর্ধেকেরও বেশি আসনে মহিলাদের দায়িত্ব দিয়ে মহিলা ভোটারদের কাছে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের জন্য গৃহীত এই পরিকল্পনার অঙ্গ হিসেবে বিজেপি রাজ্যের অর্ধেক বিধানসভা আসনে মহিলা বিস্তারক মোতায়েন করবে এবং বাকি আসনগুলিতে পুরুষ বিস্তারকরা দায়িত্ব সামলাবেন। দল এই অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য মোট ৪০৩ জন বিস্তারককে দায়িত্ব দিয়েছে। এই বিস্তারকদের প্রধান কাজ হবে বিধানসভা স্তরে সংগঠন বিস্তার করা এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা।
সূত্রের খবর, বিজেপির এই রণকৌশলে মহিলা ভোটারদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর জন্য বিধানসভা কেন্দ্রগুলিতে মহিলা বিস্তারকদের মোতায়েন করা হবে, যেখানে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে দেখা করবেন। তাঁদের স্থানীয় সমস্যা ও প্রত্যাশাগুলি বুঝবেন। বিজেপি মনে করে, মহিলা কর্মীদের মাধ্যমে মহিলাদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব। এর মাধ্যমে পরিবারগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তৃণমূল স্তরে সংগঠনের উপস্থিতি মজবুত করার চেষ্টা করা হবে। উত্তর প্রদেশে বিজেপির দায়িত্বপ্রাপ্ত বিনোদ তাওড়ে এই পুরো প্রক্রিয়াটির তদারকি করছেন। এছাড়া মেধা কুলকার্নি, জগদীশ প্যাটেল, অনন্ত ওঝা এবং ডঃ প্রদীপ বর্মাকে বিভিন্ন অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে।









