সেমিকন্ডাক্টর, এআই ও অটোমোবাইল ক্ষেত্রে যৌথ সহযোগিতার আহ্বান পীযূষ গোয়েলের

রোম (ইতালি), ২০ নভেম্বর : ভারতীয় উদ্ভাবনী শক্তি এবং ইতালীয় শিল্পোদ্যোগের মধ্যে গভীর পরিপূরক সম্পর্কের কথা তুলে ধরে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমোবাইল ক্ষেত্রে দুই দেশের যৌথ সহযোগিতার বিপুল সম্ভাবনার ওপর জোর দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে আয়োজিত ‘চতুর্থ ভারত-ইতালি বিজনেস অ্যান্ড ইনোভেশন ফোরাম’-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ইতালির উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।
অধিবেশনে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল উভয় দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের প্রথাগত বাণিজ্যের গণ্ডি পেরিয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত অন্বেষণ করার আহ্বান জানান। এর পাশাপাশি, ভারতের সাম্প্রতিক উন্নয়নমূলক সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি উল্লেখ করেন যে, মাত্র ১২ বছরের মধ্যে ভারতের ৪৯ কোটি ৬০ লক্ষ মানুষ চরম দারিদ্র্যের সীমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
এদিন ‘ইন্ডিয়া-ইতালি ইনোভেশন ফোরাম’-এ দুই দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের সঙ্গেও মতবিনিময় করেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী। তিনি জানান, ভারত ও ইতালির তরুণ উদ্যোক্তারা কীভাবে তাঁদের অভিনব ধারণাগুলিকে বিকশিত করেছেন এবং তার ওপর ভিত্তি করে সফল ব্যবসা গড়ে তুলেছেন, সেই অভিজ্ঞতার কথা তিনি শুনেছেন।
বাজার সম্প্রসারণ এবং দ্রুত ব্যবসার বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় ও ইতালীয় স্টার্টআপগুলিকে একে অপরের বাজারে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উৎসাহিত করেন পীযূষ গোয়েল। তরুণ উদ্যোক্তাদের জন্য এই ধরনের আন্তর্জাতিক মঞ্চের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি জানান, এ ধরনের সুযোগ-সুবিধা আগামী দিনে বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের দরজা খুলে দিতে পারে।