অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর: আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থানের ক্রমবর্ধমান খরচ এবং যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের একাধিক দেশ। ইতালি, জার্মানি ও ব্রিটেন-সহ বিভিন্ন দেশের শহরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন হাজার হাজার তরুণ-তরুণী। তাঁদের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড। কোথাও মশাল জ্বালিয়ে, আবার কোথাও যুদ্ধের প্রতীক হিসেবে তৈরি কার্ডবোর্ডের ট্যাঙ্ক পুড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
৫০টিরও বেশি সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা যুব সংগঠনগুলির একটি জোট এই বিক্ষোভের ডাক দেয়। আয়োজকদের দাবি, ২৫টিরও বেশি দেশের তরুণ প্রজন্ম এই আন্দোলনে শামিল হয়েছে। বিভিন্ন দেশে বিক্ষোভের কারণ আলাদা হলেও মূল দাবিগুলি প্রায় একই। আন্তর্জাতিক সংঘাত, বাড়িভাড়ার লাগামছাড়া বৃদ্ধি, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অবনতি এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে সরকারের উদাসীনতার বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ইউরোপের বিভিন্ন দেশের সরকার আন্তর্জাতিক রাজনৈতিক সংকট মোকাবিলা এবং বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সুবিধা দেওয়ার ক্ষেত্রেই বেশি গুরুত্ব দিচ্ছে। অথচ তরুণ প্রজন্মের শিক্ষা, বাসস্থান, সামাজিক নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ করা হচ্ছে না।
ইতালির মিলান শহরে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সি স্কুলছাত্রী অলিভিয়া ফেরারিও সংবাদ সংস্থা এএফপিকে জানান, রাস্তায় নেমে তরুণ প্রজন্ম নিজেদের উদ্যম ও দৃঢ় সংকল্পের পরিচয় দিচ্ছে। তাঁর কথায়, সরকার যদি তাঁদের দাবিকে গুরুত্ব না দেয়, তাহলে নীরব থাকার কোনও কারণ নেই। নিজেদের অধিকারের কথা তুলে ধরতেই তাঁরা পথে নেমেছেন।
জার্মানির রাজধানী বার্লিনেও প্রায় এক হাজার স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিক্ষোভে অংশ নেন। সেখানে মূলত দেশের সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। জার্মানির দ্রুত সামরিকীকরণের ফলে ভবিষ্যতে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ ও সামরিক পরিষেবা ফের চালু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।
১৮ বছর বয়সি হেলেনা কোসাটজের বক্তব্য, তরুণ কিংবা অন্য কোনও নাগরিকের স্বাধীনতা সীমিত করে কাউকে যুদ্ধের জন্য প্রস্তুত করা এবং পরে যুদ্ধক্ষেত্রে পাঠানো কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
জার্মানির আর্থিক কেন্দ্র ফ্রাঙ্কফুর্টেও সামরিকীকরণের বিরুদ্ধে বিক্ষোভ হয়। গত মাসের আন্দোলনে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় শহরের বেশ কিছু গয়না ও বিলাসবহুল পণ্যের দোকানের জানালা আগাম বন্ধ করে দেওয়া হয়।
অন্যদিকে, রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন সামরিক প্রস্তুতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, সামরিক খাতে বরাদ্দ অর্থের একটি বড় অংশ শিক্ষা, যুবকল্যাণ এবং আবাসন প্রকল্পে ব্যয় করা উচিত।
ইতালির রাজধানী রোমেও ব্যাপক বিক্ষোভের চিত্র সামনে আসে। দেশের প্রধান শ্রমিক সংগঠনের ডাকে আয়োজিত মিছিলে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। দেশজুড়ে প্রায় ১০০টি কর্মসূচির পাশাপাশি সাধারণ ধর্মঘটও পালিত হয়। রোমের স্কুলপড়ুয়ারাও পৃথক মিছিল বের করেন। তাঁদের ব্যানারে লেখা ছিল, অধিকার কেউ উপহার না দিলে তা আন্দোলনের মাধ্যমেই আদায় করে নিতে হবে। সরকার, যুদ্ধ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের বিরুদ্ধে ছিল তাঁদের এই প্রতিবাদ।
রোম ও মিলান—দুই শহরেই বিক্ষোভকারীরা কার্ডবোর্ডের তৈরি ট্যাঙ্কে আগুন ধরিয়ে যুদ্ধবিরোধী বার্তা দেন।
এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে ফ্রান্সের বহুল পরিচিত ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরাও। ২০১৮ ও ২০১৯ সালে জ্বালানির উপর কর বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তী সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ব্যাপক গণবিক্ষোভে রূপ নিয়েছিল। সেই আন্দোলনের অষ্টম বর্ষপূর্তির সময়েই ইউরোপজুড়ে নতুন করে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফ্রান্সে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে স্কুলপড়ুয়াদের বিক্ষোভের মধ্য দিয়ে নতুন আন্দোলনের সূত্রপাত হয়। শিক্ষার পরিবেশ উন্নত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, সরকারি পরিষেবার উন্নতি এবং পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে ধীরে ধীরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
আয়োজকদের দাবি, ইউরোপের বিভিন্ন দেশে দিনভর শত শত বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি চলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একাধিক শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও অধিকাংশ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চললেও অতীতে ফ্রান্স-সহ কয়েকটি দেশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবারও যাতে নতুন করে অশান্তি ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক প্রশাসন।








