কলকাতা, ২০ নভেম্বর :কালীঘাটে আগাম নোটিস পাঠানোর পর বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর পরিদর্শন করলেন দমকল বিভাগের আধিকারিকরা। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের গোটা বহুতলটি খুঁটিয়ে খতিয়ে দেখছেন তাঁরা। পরিদর্শন প্রক্রিয়া শেষ হওয়ার পর দমকল বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে।কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই সম্পূর্ণ পরিদর্শন চালানো হচ্ছে। গত মঙ্গলবার দমকল বিভাগের তরফে নোটিস পাঠিয়ে জানানো হয়েছিল যে, বৃহস্পতিবার ১৯ নভেম্বর অভিষেকের দপ্তরে যাবেন আধিকারিকরা। তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় সেই নোটিস গ্রহণ করেছিলেন। সেই নির্ধারিত সূচি অনুযায়ীই বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে পৌঁছন দমকল আধিকারিকরা।উল্লেখ্য, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর। কিছুদিন আগে সেখান থেকে বিলবোর্ড সরাতে গিয়েছিলেন কলকাতা পুরনিগমের আধিকারিকরা, যা নিয়ে অভিষেকের অনুগামীদের সঙ্গে তাঁদের হাতাহাতির অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপের মধ্যেই একদিন আচমকা ওই বহুতলে হানা দেয় দমকল বিভাগের কর্মীরা এবং সমস্ত তল পরিদর্শনের পর ভবনের মালিককে নোটিস ধরিয়ে দেয়।দমকল বিভাগের অভিযোগ ছিল, বহুতলের যে তলগুলোতে অভিষেকের দপ্তর রয়েছে, সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত নয়। সেই যুক্তিতেই অবিলম্বে দপ্তর খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে মালিকপক্ষও দপ্তর খালি করতে বলে। দমকল বিভাগের সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ওই মামলার শুনানি হয়।শুনানির পর আদালত স্পষ্ট করে দেয় যে, দমকল বিভাগ ফের পরিদর্শন করতে চাইলে আগে থেকে নোটিস দিয়ে নির্দিষ্ট তারিখ জানাতে হবে। দপ্তর পরিদর্শনের পর নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে তৃণমূলকে অবহিত করতে হবে এবং সেই নির্দেশিকা অনুযায়ী দলকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকা না মানলে দমকল বিভাগ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলেও জানিয়েছিল আদালত। হাইকোর্টের সেই নির্দেশ মেনে গোটা ভবন পরিদর্শন করে রিপোর্ট তৈরি করছেন আধিকারিকরা।









