হুগলি মহসিন কলেজে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা নিয়ে প্রচার কর্মসূচি, উপস্থিত বিধায়ক সুবীর নাগ

হুগলি, ২০ নভেম্বর : যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগের দিশা দেখাতে চুঁচুড়ার হুগলি মহসিন কলেজে আয়োজিত হল প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা (পিএমআইএস) সংক্রান্ত প্রচারমূলক কর্মসূচি। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।

ভারত সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের উদ্যোগে এবং হুগলি গভর্নমেন্ট আইটিআই-এর সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মূলত যুবক-যুবতীদের কাছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনার সুযোগ, সুবিধা এবং কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরাই ছিল এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিধায়ক সুবীর নাগ বলেন, দেশের যুবসমাজের দক্ষতা বিকাশ, বাস্তব কর্মক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে এই যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
দক্ষ যুবসমাজই আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ার অন্যতম শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলার যুবক-যুবতীদের এই ধরনের সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণের বার্তাও উঠে আসে কর্মসূচিতে।