কলকাতা, ২০ নভেম্বর : বিচার ব্যবস্থা প্রসঙ্গে আপত্তিকর মন্তব্য করায়
ডায়মন্ড হারবারের সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি শুক্রবার প্রশ্ন করেন, “সাংসদের এই ধরণের মন্তব্যে মানুষের কাছে কী বার্তা যাচ্ছে?” গোটা ঘটনা অনভিপ্রেত বলে মন্তব্য করেছে আদালত।
তৃণমূল জমানায় বহুবার সরাসরি বিচার ব্যবস্থা, বিচারপতিদের আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। পালাবদলের পরও কার্যত একই মেজাজে তৃণমূলের সেনাপতি।
দিন কয়েক আগে অভিষেক বলেন, “বিচার ব্যবস্থার একাংশ নীরব দর্শক। ওরা চাইছে বিরোধীরা মারা যাক। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের জন্যই বিজেপি এভাবে তাণ্ডবলীলা চালাচ্ছে।”
শুক্রবার ডিজে মামলার শুনানিতে সেই প্রসঙ্গেই মন্তব্য করেন বিচারপতি। অভিষেকের আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার মক্কেল অকারণ সমস্যা বাড়াচ্ছেন। সাংসদের এই ধরণের মন্তব্যে সাধারণ মানুষের কাছে কী বার্তা? এই ধরণের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, যন্ত্রণাদায়ক।” যদিও ভর্ৎসনা করলেও রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে আদালত।









