ভারতীয় সংস্কৃতি ও সনাতন চিন্তনেই মানবতাকে দিশা দেখানোর ক্ষমতা নিহিত রয়েছে : মোহন ভাগবত

হরিদ্বার, ২১ নভেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত শনিবার বলেছেন, সনাতন নিয়ে কোনও প্রকার শঙ্কা বা দুশ্চিন্তার প্রয়োজন নেই। বর্তমান বিশ্ব নানাবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সমস্যাগুলির সমাধানের জন্য গোটা বিশ্বের নজর ভারতের দিকেই রয়েছে, কারণ ভারতীয় সংস্কৃতি এবং সনাতন চিন্তনেই মানবতাকে দিশা দেখানোর ক্ষমতা নিহিত রয়েছে।
ডঃ ভাগবত এদিন অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের পক্ষ থেকে আয়োজিত মাতা ভগবতী দেবী শর্মাজী এবং অখণ্ড দীপ শতাব্দী বর্ষ সমারোহের একটি অধিবেশনে ভাষণ দেন। ডঃ ভাগবত বলেন, একশো বছর পূর্ণ করা কোনও সংগঠনের পক্ষেই সহজ নয় এবং তা শৃঙ্খলার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া আরও বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ঈশ্বরীয় কার্য পরিচালনার জন্য ভগবান স্বয়ং সামনে আসেন না, বরং যোগ্য ব্যক্তি এবং সংগঠনগুলিকে তার শ্রেয় ও দায়িত্ব প্রদান করেন। এই অনুষ্ঠানে মাতা ভগবতী দেবী শর্মার জন্মশতবর্ষ সমারোহ উপলক্ষে তাঁর তপস্যা, ত্যাগ, সেবা এবং মাতৃত্বে পরিপূর্ণ জীবনের স্মৃতিতে বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়।
সরসঙ্ঘচালক বলেন যে কোনও সংগঠনের একশো বছর পূর্ণ করার যাত্রাপথে উপেক্ষা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কিন্তু নিরন্তর সেবা এবং সমর্পণের পর সমাজের সমর্থন, বিশ্বাস এবং স্বীকৃতিও লাভ হয়। তিনি সংঘ এবং গায়ত্রী পরিবারের কাজকে ঈশ্বরীয় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করে বলেন যে এই ধরনের কাজের নিরন্তর বিস্তার এবং সফল হওয়াই এর স্বাভাবিক নিয়তি। কার্যকর্তাদের আহ্বান জানিয়ে তিনি বলেন যে হনুমানজি গোটা বিশ্বের সেবাব্রতী কার্যকর্তাদের আদর্শ। যেভাবে তিনি নিজেকে রামকার্যে সমর্পণ করেছিলেন, ঠিক সেইভাবেই প্রত্যেক কার্যকর্তাকে সনাতন সংস্কৃতি এবং সমাজ গঠনের কাজকে সমর্পণের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।
এর আগে, জন্মশতবর্ষ সমারোহে বৈদিক মন্ত্রপাঠ এবং শঙ্খধ্বনির মাধ্যমে তিনটি কলসের প্রবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের বিধিবদ্ধ সূচনা হয়। এই কলসগুলি গায়ত্রী পরিবারের প্রতিষ্ঠাতা পণ্ডিত শ্রীরাম শর্মার জন্মভূমি আঁওলখেড়া (আগ্রা), তপোভূমি মথুরা এবং কর্মভূমি হরিদ্বারের বিভিন্ন অঞ্চলে চেতনার আলো ছড়িয়ে সমারোহ স্থলে পৌঁছায়। সেখানে বরিষ্ঠ কার্যকর্তারা মঙ্গল আরতি করে কলসগুলিকে স্বাগত জানান। ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের প্রধান শৈলদিদি।
জন্মশতবর্ষ সমারোহের দলনায়ক ডঃ চিন্ময় পণ্ড্যা বলেন, এই আয়োজন সৌভাগ্যের উদয়ের এক ঐতিহাসিক সুযোগ নিয়ে এসেছে। তিনি মহর্ষি অরবিন্দের উক্তি স্মরণ করে বলেন যে ২০২৬ সাল ইতিহাসের পাতায় দিব্য জ্যোতির অবতরণের বছর হিসেবে পরিচিত হবে। পরম বন্দনীয়া মাতা ভগবতী দেবী শর্মার ব্যক্তিত্ব এবং কৃতিত্বের কথা স্মরণ করে ডঃ পণ্ড্যা বলেন যে মাতাজির সম্পূর্ণ জীবন তপস্যা, ত্যাগ, সাধনা এবং সমাজ গঠনে সমর্পিত ছিল। মাতাজি যে বিরাট সংকল্প এবং সংগঠন শক্তির মাধ্যমে অশ্বমেধ মহাযজ্ঞগুলি পরিচালনা করেছিলেন, তা নিজের মধ্যেই এক অদ্বিতীয় উদাহরণ।
এর পূর্বে, স্বামী রাজরাজেশ্বরাশ্রম বলেন যে কোনও সংস্থার প্রকৃত আত্মা তার ভবন, সম্পদ অথবা বিস্তারে নয়, বরং সেখানে কর্মরত ব্যক্তিদের চরিত্র, সাধনা, সমর্পণ এবং জীবনমূল্যের মধ্যে নিহিত থাকে। এর পাশাপাশি শ্রীহরি সেবা ধামের প্রধান স্বামী হরিচেতনানন্দজি, আর্ষ বিদ্যা মন্দিরের অধ্যক্ষ স্বামী পরমাত্মানন্দ, সুরতগিরি বাংলোর পরমাধ্যক্ষ স্বামী বিশ্বেশ্বরানন্দ গিরি মহারাজ প্রমুখ সমারোহে তাঁদের আশীর্বচন প্রদান করেন।
এই উপলক্ষে অখিল বিশ্ব গায়ত্রী পরিবারের পক্ষ থেকে দলনায়ক ডঃ চিন্ময় পণ্ড্যা অতিথিদের গায়ত্রী মহামন্ত্র লিখিত চাদর, রুদ্রাক্ষের মালা, স্মারক চিহ্ন প্রভৃতি উপহার দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে ভারত সহ ৪০টি দেশ থেকে আগত গায়ত্রী পরিজন এবং জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।