কমলপুরের বড়লুতমায় ৫ দিনব্যাপী মহারাসলীলা উৎসব ও মেলা শুরু

আগরতলা, ২১ নভেম্বর, ২০২৬: বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহারাসলীলা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর, মহকুমা প্রশাসনের সহযোগিতায় গতকাল থেকে কমলপুর মহকুমার বড়লুতমা ত্রয়ো মন্ডপ প্রাঙ্গণে ৫ দিনব্যাপী ১৩০ তম মহারাসলীলা উৎসব ও মেলা শুরু হয়েছে। এই উৎসব ও মেলার উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহারাসলীলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রদীপ কুমার সিনহা।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের সহকারী সভাধিপতি অনাদি সরকার, কমলপুর মহকুমার মহকুমা শাসক গিদিয়ন মলসম, বড়লুতমা গৌড়নিতাই মন্দিরের পুরোহিত রাধা কিশোর শর্মা, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনা বিশ্বাস, দূর্গা চৌমুহনী বিএসি’র চেয়ারম্যান দেবপ্রসাদ দেববর্মা, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বীনা বিশ্বাস, সালেমা বি এ সি চেয়ারম্যান বিমল দেববর্ম, সালেমার বি ডি ও গোপাল দাস, বিশিষ্ট সমাজসেবী নারায়ন রায় প্রমুখ।

মেলার উদ্বোধন করে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন রাজ্যের বড়লুতমা মহারাসলীলা উৎসব হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের বড় রাসলীলা উৎসব। এই উৎসব এখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সার্বজনীন উৎসব। এই উৎসব ও মেলার মাধ্যমে রাজ্যে শান্তি-সম্প্রীতি ও ঐক্যের পরিবেশ অটুট থাকে বলে তিনি অভিমত ব্যাক্ত করেন। অনুষ্ঠানে ধলাই জিলা পরিষদের সহকারি সভাধিপতি অনাদি সরকার বক্তব্য রাখতে গিয়ে পাঁচদিন ব্যাপী উৎসব ও মেলার সফলতা কামনা করেন। উৎসবে প্রতিদিন রাজ্যের ও বহিরাজ্যের বিশিষ্ট শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে সরকারি বিভিন্ন দপ্তরের প্রদর্শনীয় স্টল খোলা হয়েছে।