পশ্চিম জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২১ নভেম্বর, ২০২৬: জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম জেলার অন্তর্গত সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকার মধ্যে রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত সময়ে মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩ এর ১৬৩নং ধারা অনুযায়ী পশ্চিম জেলার জেলাশাসক এই বিধিনিষেধ আরোপ করেছেন।

এই আদেশ ২১ নভেম্বর, ২০২৬ থেকে কার্যকর করা হয়েছে এবং আগামী ২০ জানুয়ারি, ২০২৭ পর্যন্ত তা বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক/ আধা সামরিক এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুর মহকুমার মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারি এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতা (বিএনএস) ২০২৩ এর ২২৩নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।