ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩, নিখোঁজ ৩৭

জাকার্তা, ২১ নভেম্বর, ২০২৬: ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশে একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৩৭ জন কর্মীর কোনও সন্ধান পাওয়া যায়নি। রবিবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ বানতেন প্রদেশের সেরাং জেলায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া (PT Fonusa Agung Mulia) কারখানায় আগুন লাগে। তিনতলা বিশিষ্ট এই কারখানাটি ইন্দোনেশিয়ার জনপ্রিয় দুধজাত মিষ্টি ও স্ন্যাকস প্রস্তুতকারী সংস্থা। তাদের তৈরি ‘মিলকিটা’ ব্র্যান্ডের পণ্য বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি করা হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। আকাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আগুনে কারখানার বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ভেঙে পড়া কাঠামো, পোড়া লোহার পাত এবং অন্যান্য সামগ্রী। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কারখানার তৃতীয় তলায় থাকা একটি কুলিং ইউনিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়। জলকামান ব্যবহার করেও আগুন নেভানোর কাজ চলে। অগ্নিকাণ্ডের ১২ ঘণ্টারও বেশি সময় পরেও কারখানার বিভিন্ন অংশে দমকলকর্মীরা আগুন নেভানো ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ, সেনাবাহিনী, ইন্দোনেশিয়ার রেড ক্রস এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে যৌথ উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

কারখানায় ছিলেন প্রায় ৩০০ কর্মী, কারখানার প্রধান নির্বাহী স্টিভেন উইজায়া রবিবার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানা চত্বরে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৬৫ জন আগুনে ক্ষতিগ্রস্ত অংশে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রবিবার বিকেল পর্যন্ত ২৪ জন কর্মী বাড়ি ফিরে গিয়েছেন এবং চারজন চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৩৭ জনের এখনও কোনও খোঁজ মেলেনি।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংস্থার প্রধান নির্বাহী জানান, নিখোঁজ কর্মীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় তথ্য দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

তাঁর দাবি, কারখানায় নিয়মিত অগ্নিনির্বাপণ ও জরুরি পরিস্থিতিতে নিরাপদে বেরিয়ে আসার মহড়া দেওয়া হতো। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জলাধার এবং জরুরি নির্গমন পথও যথাযথ ছিল বলে তিনি জানান।

পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ, অগ্নিকাণ্ডে মৃতদের দেহের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় শুধুমাত্র চেহারা দেখে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন। ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের বিপর্যয়-পরবর্তী মৃতদেহ শনাক্তকরণ বিভাগের প্রধান ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি জানান, মৃতদের দেহাবশেষ ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তকরণের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সেরাং দমকল বিভাগের অভিযান প্রধান তুবাগুস মাহফুদ জানিয়েছেন, আগুনের বড় অংশ নিয়ন্ত্রণে এলেও কারখানার সব জায়গায় প্রবেশের আগে ব্যাপকভাবে জল ঢেলে ঠান্ডা করার কাজ চলছে। বিশেষ করে ভবনের মাঝখান ও পিছনের অংশে এখনও তাপের উৎস রয়ে গিয়েছে। কয়েকটি জায়গায় ভবনের কাঠামো ভেঙে পড়ায় উদ্ধারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে চালাতে হচ্ছে। কারখানায় মজুত উৎপাদন সামগ্রীর কারণে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

এদিকে প্রিয়জনদের সন্ধানে কারখানার বাইরে উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছেন নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে একাধিক ভয়াবহ শিল্প ও কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারবার এমন দুর্ঘটনায় দেশের শিল্পক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা এবং জরুরি বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Recent Posts