বর্তমান সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের আশা আকাঙ্খা পূরণ করতে সক্ষম হচ্ছে, আগামী দিন রাজ্যে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দিকে অত্যন্ত শক্তিশালী হবে : প্রভারী

অনলাইন ডেস্ক, ০৫ অগাস্ট, ২০২৪: বর্তমান সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের আশা আকাঙ্খা পূরণ করতে সক্ষম হচ্ছে। আগামী দিন রাজ্যে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দিকে অত্যন্ত শক্তিশালী হবে। প্রদেশ বিজেপির প্রভারির দায়িত্ব নিয়ে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন রাজদিপ রায়।

তিনি জানান মঙ্গলবার তিনি প্রদেশ বিজেপি সভাপতি সহ বিজেপি নেতৃত্বদের সাথে নিয়ে উদয়পুরের মাতার বাড়িতে গিয়ে মায়ের পূজা দিয়ে সাংগঠনিক কাজ শুরু করেছেন। ত্রিপুরা রাজ্যে এই দুইবার পর পর সরকার গঠন করেছে বিজেপি। পাশাপাশি কেন্দ্রে ২০১৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি। ত্রিপুরা রাজ্যের ইতিহাস সকলের জানা।

ত্রিপুরা রাজ্যের মানুষ বিগত দিনে রাজনৈতিক কারনে বঞ্চিত ছিল। যার ফলে ত্রিপুরা রাজ্যে ২০১৮ সালে সরকারের পরিবর্তন হয়। এবং বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে ত্রিপুরা রাজ্যের পরিবর্তন শুরু হয়ে গেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের বহু মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর পেয়েছে।

এখনো অনেক কাজ করা বাকি রয়েছে। আগামি দিনে যে সকল যোগ্য ব্যক্তি সরকারি ঘর পায়নি তাদেরকেও সরকারি ঘর প্রদান করা হবে। রাজদিপ রায় আরও বলেন জল জীবন মিশনের মাধ্যমে ৮৩ শতাংশ পরিবারে পানীয় জল পৌঁছে গেছে। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ত্রিপুরা রাজ্যে পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের গ্রামে গ্রামে পাকা সড়ক হয়েছে। ত্রিপুরা রাজ্যে পরিকাঠামোগত দিক থেকে যথেষ্ট উন্নয়ন হচ্ছে। রেল পরিষেবার উন্নতি হয়েছে।

ত্রিপুরা রাজ্যের অগ্রগতি হচ্ছে। রাজদিপ রায় আশা ব্যক্ত করেন রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের আশা আকাঙ্খা পূরণ করতে সক্ষম হবে। রাজদিপ রায় এইদিন দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন আগামিদিনে তিনি বুথ স্তরে গিয়ে দলের কর্মীদের সাথে দেখা করবেন। তাদের সাথে কথা বলবেন।ত্রিপুরা রাজ্যে এইমস-এর আদলে একটি হাসপাতাল গড়ার বিষয়ে রাজদিপ রায় দলের দিল্লির নেতৃত্বদের সাথে কথা বলবেন বলে জানান।

তবে রাজদিপ রায় এইদিন ত্রিপুরা রাজ্যের গ্রামে গ্রামে পাকা সড়ক হয়ে গেছে বলে দাবি করলেও, তিনি হয়তো জানেন না বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও সড়ক অবরোধ করা হয়ে থাকে। হয়তো রাজদিপ রায় দলের নেতৃত্বদের কাছ থেকে যা জানতে পেরেছেন তাই সাংবাদিক সম্মেলনে বলেছেন। বাস্তব চিত্র হয়তো তিনি নিজের চোখে দেখেন নি। এইদিনের সাংবাদিক সম্মেলন রাজদিপ রায়ের সাথে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য।

Recent Posts