অনলাইন ডেস্ক, ২১ আগস্ট, ২০২৫: আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে পেরিওডন্টোলজি বিভাগে ইন্ডিয়ান সোসাইটি অব পেরিওডন্টোলজি এর সহযোগিতায় গত ১ আগস্ট জাতীয় ওরাল হাইজিন দিবস পালন করা হয়। পিরিওডন্টোলজির অন্যতম পথিকৃৎ ডাঃ জি বি শঙ্কঙ্কারএর স্মরণে এই দিবসটি পালন করা হয়ে থাকে।
জাতীয় ওরাল হাইজিন দিবস পালনের মূল উদ্দেশ্য হল মানুষের দাঁত ও মুখের স্বাস্থ্য রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তাছাড়া ডেন্টাল রোগ যেমন ক্যাভিটি, মাড়ির রোগ, মুখের দুর্গন্ধ ইত্যাদি প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করা এবং নিয়মিত দাঁত ব্রাশ করা, মাউথওয়াশ ব্যবহার করা, ডেন্টাল চেকআপ করা ইত্যাদির গুরুত্ব সম্পর্কে সকলের মধ্যে সচেতনতা তৈরীতে জাতীয় ওরাল হাইজিন দিবস পালন করা হয়।
বর্তমানে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে পেরিওডন্টোলজি বিভাগে রোগীরা অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা মাড়ির রোগ, মুখের দুর্গন্ধ ইত্যাদির চিকিৎসা পরিষেবাগুলি পাচ্ছেন। ইতিমধ্যে দাঁত ও মুখের সমস্যার বিভিন্ন কঠিন ও জটিল সমস্যার জন্য সুচিকিৎসার এক নির্ভরশীল ও ভরসাস্থল হয়ে উঠেছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতাল।
এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পরিষেবা লাভ করে দাঁত ও মুখের নানা সমস্যার রোগীরা আরোগ্য লাভ করছেন, পাশাপাশি মুখের সৌন্দর্য ফিরে পাচ্ছেন। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালের পেরিওডন্টোলজি বিভাগে এদিন উক্ত দিবস পালনের অঙ্গ হিসাবে রোগীদের মধ্যে টুথব্রাশ, টুথপেস্ট, মাউথওয়াশ ইত্যাদি প্রদান করা হয়। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।









