পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ৩০ আগস্ট, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাগৃহে আজ জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বিষ্ণুধন দাস। সভায় জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্য সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষা দপ্তরের আধিকারিক জানান, জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে পশ্চিম জেলার অন্তর্গত ১১টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আধিকারিক জানান, পশ্চিম জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতি মাসে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চাল ও ডাল দেওয়া হয়।

এছাড়া ৬ মাস থেকে ৩ বছরের শিশুদের জন্য বাড়িতে রেশন দেওয়া হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক জানান, পশ্চিম জেলার অন্তর্গত সদর, মোহনপুর ও জিরানীয়া মহকুমায় মোট ২৭টি ওপেন জিম খোলা হয়েছে।

পশ্চিম জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক জানান, আগামী ৮ সেপ্টেম্বর জিরানীয়া মহকুমার অন্তর্গত মজলিশপুরে জেলাভিত্তিক বর্ষামঙ্গল উৎসব এবং আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর বনকুমারী নাট মন্দিরে পুঁথি পাঁচালি উৎসব অনুষ্ঠিত হবে।

সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল পশ্চিম জেলার প্রতিটি বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ১ মিনিটের জন্য বাল্যবিবাহের বিরুদ্ধে ও নেশামুক্তির বিষয়ে শপথ নেওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন। এছাড়া পশ্চিম জেলার প্রতিটি স্কুলের বালিকা মঞ্চের সদস্যদের নিয়ে সদর, মোহনপুর ও জিরানীয়া মহকুমায় সভা করার জন্য শিক্ষা দপ্তরের আধিকারিককে পরামর্শ দেন।