জনজাতিদের চিরাচরিত কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষা করার জন্য রাজ্যের বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে: জনজাতি কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৬ সেপ্টেম্বর, ২০২৫: জনজাতিদের চিরাচরিত কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষা করার জন্য রাজ্যের বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। আজ সুপারি বাগানের দশরথ দেব ভবনে ট্রাইবেল রিসার্চ এন্ড কালচার‍্যাল ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, পোষাক, গয়না ইত্যাদি সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন।

তিনি বলেন, জনজাতিদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার ইত্যাদি সমাজের আরও ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নিজ সম্প্রদায়ের সংস্কৃতি সম্পর্কে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যাতে বেশি করে আগ্রহী হতে পারে সে বিষয়ে উদ্যোগী হতে হবে। তিনি বলেন, রাজ্যের জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষা করার জন্য বিভিন্ন সামগ্রী বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। মিশ্র সংস্কৃতি প্রসারের মাধ্যমে রাজ্যকে আরও বিকশিত করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশীকুমার বলেন, ত্রিপুরার কৃষ্টি এবং সংস্কৃতি রাজ্যের গর্ব।

বিশ্বের দরবারেও এই কৃষ্টি এবং সংস্কৃতি সমাদৃত হয়েছে। একে আরও বিকশিত করতে হবে। ট্রাইবেল রিসার্চ এন্ড কালচার‍্যাল ইনস্টিটিউটের অধিকর্তা রঞ্জিত দেববর্মা বলেন, জনজাতি সম্প্রদায়ের চিরাচরিত খাওয়া দাওয়া, সংস্কৃতি ইত্যাদি বজায় রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। জনজাতিদের ঐতিহ্যবাহী খাবার তৈরী করার জন্য রাজ্যের বিভিন্ন মহকুমায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া এবং দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আসা বিভিন্ন সংস্থার সদস্যদের হাতে বাদ্যযন্ত্র, জনজাতিদের ঐতিহ্যবাহী পোষাক, গয়না ইত্যাদি তুলে দেওয়া হয়।

Recent Posts