খোয়াইয়ে জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠান ১৫ নভেম্বর

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর, ২০২৫ : খোয়াই জিলা পরিষদের মিলনায়তনে আজ চলতি নভেম্বর মাসে আসন্ন ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা জিলা সভাধিপতি অপর্ণা সিংহরায় (দত্ত)। বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই পুরপরিষদের সদস্য পীযুষ কান্তি চৌধুরী, জিলা পুরপরিষদের সদস্য অনুকুল দাস, বাগান পঞ্চায়েতের প্রধান সরস্বতী সরকার, প্রাক্তন জিলা সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য দীপঙ্কর ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, সাঁওতাল সমাজপতি সুরেশ মুন্ডা, সমাজসেবী রমেন সাঁওতাল।

বৈঠকে জিলা সভাধিপতি শ্রীমতি সিংহরায় (দত্ত) জনজাতি গৌরব দিবস ও ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নভেম্বর খোয়াই ব্লকের বাগান পঞ্চায়েতের চা বাগান হাইস্কুলে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে। এই উপলক্ষ্যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে ও স্বসহায়ক দল ও বিভিন্ন সরকারি কার্যালয়গুলিকে নিয়ে প্রদর্শনী স্টল খোলা হবে। বৈঠকে শেষে সভাধিপতি অপর্ণা সিংহরায় (দত্ত), কমিটির চেয়ারম্যান ও জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের যুগ্ম অধিকর্তাকে কনভেনার করে ১টি কার্যকরি কমিটি ও ৩টি উপকমিটি গঠন করা হয়।