খোয়াই জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ জারি

অনলাইন ডেস্ক, ২০ নভেম্বর : জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে খোয়াই জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় জনসাধারণের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ ২০ নভেম্বর, ২০২৫ থেকে আগামী ১৮ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।

প্রতিদিন রাত্র ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। বিএনএস ২০২৩ এর ১৬৩নং ধারা অনুযায়ী খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ এক বিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধা সামরিক বাহিনী, রাজ্য পুলিশের সদস্যগণ, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক প্রদত্ত বৈধ অনুমতি পত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরী কাজে নিয়োজিত সরকারি কর্মীগণ এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন।

এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিএনএস-র ২৩ এর ১৬৩নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। খোয়াই জেলাশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।