চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন, পৌষ সংক্রান্তি মেলা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনক্ষেত্র: জনজাতি কল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারী, ২০২৫: আজ সন্ধ্যায় তেলিয়ামুড়ার চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলা কমিটির উদ্যোগে আয়োজিত চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মী। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, মুঙ্গিয়াকামী বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা, তেলিয়ামুড়া বিএসি চেয়ারম্যান ভানলাল রাঙ্খল, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নির্মল সূত্রধর, খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য, খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী ভাষণে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “পৌষ সংক্রান্তি মেলা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনক্ষেত্র।

তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি এলাকার যুব সমাজকে নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার জন্য আহ্বান জানান। জনজাতি কল্যাণ মন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলাকে দু’দিনব্যাপী আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। তিনি তাঁর বক্তব্যে এই ধরনের লোকসংস্কৃতিনির্ভর মেলা আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন মুঙ্গিয়াকামী বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলার আহবায়ক তথা তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব। উপস্থিত অতিথিগণ ফিতা কেটে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দপ্তরের স্টলগুলির উদ্বোধন করেন। মেলায় কৃষি, মৎস্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, প্রাণীসম্পদ বিকাশ, মুঘিয়াকামী ও তেলিয়ামুড়া আরডি ব্লক, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, অগ্নিনির্বাপণ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসনসহ মোট ২০টি স্টল খোলা হয়। অতিথিগণ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এদিকে, মেলাকে কেন্দ্র করে সারা রাতব্যাপী তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্থানীয় শিল্পীসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Recent Posts