প্রত্যেকরায়ে শুরু ৫ দিনব্যাপী পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি আমাদের শক্তি ও একতার উৎস: সাংসদ

অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারী, ২০২৬: গতকাল থেকে ধর্মনগরের প্রত্যেকরায়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। ধর্মনগরের কালাছড়া ব্লকস্থিত প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের বড় আখড়া প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি আমাদের শক্তি ও একতার উৎস এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের সংস্কৃতিই আমাদের দেশকে এত সমৃদ্ধশালী করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। সাংসদ আরও বলেন, মেলা মানুষের মধ্যে মেলবন্ধন তৈরী করে। সমাজকে সুন্দর করে তোলার ক্ষেত্রে এই ধরণের মেলা আয়োজনের গুরুত্ব অপরিসীম। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদব লাল দেবনাথ, সমাজসেবী কাজল কুমার দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা, উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং, কালাছড়া ব্লকের বিডিও নারায়ণ দেবনাথ প্রমুখ।

পাঁচ দিনব্যাপী মেলায় প্রতিদিনই অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। রয়েছে নানা প্রকার খাদ্যের স্টল। বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে প্রদর্শনী স্টল খোলা হয়। এই মেলাকে কেন্দ্র করে ব্যাপক মানুষের সমাগম হয় গতকাল। ব্যাপক উৎসাহ ও আনন্দ পরিলক্ষিত হয় মেলায় আগত মানুষের মধ্যে। উত্তর ত্রিপুরা জিলা পরিষদ, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কালাছড়া আরডি ব্লকের যৌথ উদ্যোগে মেলা আয়োজিত হয়েছে।