অনলাইন ডেস্ক, ৩০ জানুয়ারী ২০২৬: চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই বাজেটে বরাদ্দ বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য প্রাণীসম্পদ বিকাশ, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে তপশিলি জাতি কল্যাণ দপ্তর, মৎস্য এবং প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের কাজকর্মের পর্যালোচনা করে বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলে নতুন করে প্রকল্পের কাজ শুরু করার জন্য অর্থ বরাদ্দ হয়ে থাকে। এতে করে জনগণের কাছে বিশেষ করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া
সহজতর হয়। এই তিনটি দপ্তরের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনসাধারণকে আরও বেশি করে সচেতন করে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
তপশিলি জাতি কল্যাণ দপ্তরের স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়টি নজরে রাখার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মৎস্য দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করতে গিয়ে মৎস্যমন্ত্রী শ্রীদাস জলাশয়ের সংখ্যা বাড়ানো, পুরোনো জলাশয় সংস্কার করে মাছচাষের উদ্যোগ নেওয়া, বিভিন্ন জলাশয়ে বেশি করে মাছের পোনা ছাড়ার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি মৎস্যচাষিদের আরও বেশি করে বিজ্ঞানসম্মত মাছ চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ারও পরামর্শ দিয়েছেন। মৎস্যমন্ত্রী এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা দ্রুত নিরসনের জন্য জনপ্রতিনিধিদের সাথে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্যও দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন।
তিনি সময়ের কাজ সময়ে শেষ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ, প্রাণীসম্পদ বিকাশ, তপশিলি জাতি কল্যাণ এবং মৎস্য দপ্তরের সচিব দীপা ডি. নায়ার, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা ভাস্কর ভট্টাচার্য, খোয়াই জেলার ৬টি ব্লকের বিডিওগণ, খোয়াই ও তেলিয়ামুড়া পুরপরিষদের সদস্যগণ, বিভিন্ন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।









