অনলাইন ডেস্ক, ০৫ ফেব্রুয়ারী, ২০২৬: : প্রত্যেক মহিলাকে রোজগারের আওতায় আনাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মহিলা স্বশক্তিকরণে রাজ্য সরকার একাধিক জনমুখী পরিকল্পনা রূপায়ণ করে চলেছে। আজ উদয়পুরের কে.বি.আই. স্কুল প্রাঙ্গণে গোমতী জেলাভিত্তিক তৃতীয় সরস মেলার উদ্বোধন করে একথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারা আজ আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন এবং সমাজ ও অর্থনীতির মূল স্রোতে যুক্ত হচ্ছেন। এ ধরনের মেলার মাধ্যমে গ্রামীণ মহিলাদের উৎপাদিত সামগ্রী বাজারজাত করার সুযোগ সৃষ্টি হচ্ছে, যা তাঁদের আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের পথ আরও সুদৃঢ় করছে।
তিনি বলেন, ভারতকে শক্তিশালী করতে হলে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার। গ্রামীণ উৎপাদন ও দেশীয় পণ্যকে উৎসাহিত করতেই সরস মেলার মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বসহায়ক দলের মহিলাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের আত্মনির্ভরতার পথে এগিয়ে চলার আহ্বান জানান। অর্থমন্ত্রী শ্রীসিংহ রায় আরও বলেন, গ্রামীণ এলাকার সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত হয়েছে। উন্নত সড়ক, পরিবহণ ও অবকাঠামোর ফলে গ্রামের মানুষ এখন খুব সহজেই তাদের উৎপাদিত পণ্য শহরের বাজারে নিয়ে আসতে পারছেন।
এরফলে একদিকে যেমন কৃষক ও উৎপাদকরা ন্যায্য মূল্য পাচ্ছেন, অন্যদিকে শহরের বাজারেও তাজা ও মানসম্মত পণ্যের সরবরাহ বেড়েছে। সামগ্রিকভাবে এই উন্নত যোগাযোগ ব্যবস্থা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে এবং শহর গ্রামের দূরত্ব কমিয়ে আনছে। তিনি বলেন, রাজ্যে প্রায় ৫৫ হাজার স্বনির্ভর সহায়ক দল রয়েছে। রাজ্যে লাখপতি দিদির সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে গোমতী জেলায় ১৫ হাজার ৭৪০ জন লাখপতি দিদি রয়েছেন। এরফলে মহিলাদের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি পারিবারিক আয়ও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, দিদিরা এখন স্বাস্থ্যসম্মত অর্গানিক আবির প্রস্তুত করছেন, যা পরিবেশবান্ধবের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের পক্ষেও নিরাপদ।
তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, যাতে আত্মনির্ভরশীলতা বাড়ে এবং স্থানীয় অর্থনীতি মজবুত হয়। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ‘ড্রোন দিদি’ প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে মহিলারা আধুনিক প্রযুক্তির সহায়তায় কৃষিকাজে ড্রোনের ব্যবহার করতে পারছেন। এতে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং মহিলাদের আর্থিক ক্ষমতায়ন আরও সুদৃঢ় হচ্ছে। অনুষ্ঠানে উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার বলেন, মহিলাদের উন্নতি হলে পরিবারের উন্নয়ন হবে। রাজ্যের তথা দেশের উন্নয়ন হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোমতী জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সুভাষ আচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক (পিপি) সঞ্জিত দেববর্মা। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মাতাবাড়ি এবং টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যথাক্রমে শিল্পী দাস এবং ঝর্ণা রাণী দাস প্রমুখ। জেলাভিত্তিক সরস মেলায় ৮০টি স্টল খোলা হয়েছে। স্বসহায়ক দলের মহিলারা তাঁদের উৎপাদিত সামগ্রী নিয়ে এই মেলায় অংশ নিয়েছেন। এছাড়া এদিন সব্জি, ফুল উৎপাদনের প্রদর্শনী ও প্রতিযোগিতা এবং জেলাভিত্তিক মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়। এই মেলা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।









